রাজনীতি

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখ প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখ প্রকাশ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় সাম্প্রতিক উত্তেজনাকর ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি উল্লেখ করেন, একটি আপত্তিকর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ থানায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

নাছির উদ্দীন তার পোস্টে বলেন, ওই ঘটনায় ছাত্রশিবিরের প্রকাশ্য ও গোপন কর্মীদের সঙ্গে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন।

তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ছাত্রদল সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হন।

Screenshot_14.jpg

ঘটনাটি ঘিরে ক্যাম্পাস এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।