রাজনীতি

গুপ্তদের বলছি 'হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেব': নয়ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম

গুপ্তদের বলছি 'হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেব': নয়ন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে গুপ্ত রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, তারা অতীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন শক্তিকে মোকাবিলা করেছেন। দেশের ও জাতির স্বার্থে প্রয়োজন হলে দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা আবারও বাঁশের লাঠি হাতে মাঠে নামতে প্রস্তুত রয়েছে।

পরে পল্টন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে যুবদলের সভাপতি আব্দুর মোনায়েম মুন্না জামায়াতে ইসলামীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অন্যায় ও অশালীন মন্তব্য করা হলে যুবদল তা মেনে নেবে না। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে নেতাকর্মীদের ধৈর্যের সীমা অতিক্রম করবে এবং সাংগঠনিকভাবে এর মোকাবিলা করা হবে।

একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর প্রতি সস্তা রাজনৈতিক কৌশল পরিহার করে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক। এছাড়া বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েলসহ অন্যান্য নেতারা।