রাজনীতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের শ্রদ্ধা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নবনিযুক্ত চার স্থায়ী কমিটি সদস্য হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করবেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়ার কাজ এগিয়ে নেওয়া হবে।

আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার হিসেবে জনসেবা ও জনগণের পাশে থাকার জন্য কাজ করবে।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান তিন বছরে যে কাজ করেছিলেন, তার সুযোগ্য পুত্র বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আরও দ্রুতগতিতে সেই অগ্রযাত্রা এগিয়ে নিচ্ছেন।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি দেশের রাজনৈতিক ঐতিহ্যের ধারক। নতুন দায়িত্ব সফলভাবে পালনে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

এ সময় দলের ঘোষিত কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা।