রাজনীতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে দলীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি উপযুক্ত সময়ে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বিএনপি।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তবে এসব কর্মসূচির দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে।
রুহুল কবির রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কয়েকটি কর্মসূচির খসড়া নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে সেগুলো জানানো হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান জাতিকে উজ্জীবিত করেছিলেন। ছাত্র, শিক্ষক, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
তিনি আরও বলেন, দেশের এক সংকটময় সময়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। তার আগে দেশে অনাচার, অবিচার, গণতন্ত্র হরণ, হত্যা এবং মানুষের কথা বলা ও চলাচলের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছিল। ক্ষমতায় এসে তিনি এসব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন বলে দাবি করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং গণতন্ত্রের প্রত্যয় সামনে রেখে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। এই চেতনাকে ধারণ করে তিনি দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নিয়েছিলেন বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।