রাজনীতি
প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন
মাগুরার প্রশাসনের একটি অংশ বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত শিবিরের কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, মাগুরার প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত শিবিরের কর্মীদের সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি দেখা যাচ্ছে। মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, মহম্মদপুর উপজেলায় তত্ত্বাবধায়ক ও তথ্য সংগ্রহকারী হিসেবে ৯২ জনের মধ্যে ২৫ জন ছাত্রলীগের কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা সুনির্দিষ্ট প্রমাণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।
প্রশাসনের উদ্দেশে নয়ন বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনের একটি অংশ গোপনে বিএনপির আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারেক রহমান ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হলে মাগুরা ও মাগুরা ২ আসনের মাটিতে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে যুবদলের এই নেতা বলেন, কয়েক মাস পর ইউনিয়ন পরিষদ নির্বাচন। জনগণ নিজেদের পছন্দ অনুযায়ী যোগ্য প্রার্থী বাছাই করবেন এবং সেই প্রার্থীকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
নহাটা রানী পতিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু। সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।