রাজনীতি

দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: আমানউল্লাহ আমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম

দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: আমানউল্লাহ আমান
ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে পরাজিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে যাতে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কেরানীগঞ্জের চরকুন্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত সমাজ ও মাদকমুক্ত ভবিষ্যৎ’ শীর্ষক সচেতন অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, জনগণের ভোট ও আস্থায় দেশ পরিচালিত হচ্ছে এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কল্যাণে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। দেশের এসব অর্জন যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে, তখন ফ্যাসিবাদের অনুসারীরা গোপনে ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এ দেশে চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়াতে পারেনি। এর ফলে বর্তমানে যে সাময়িক সংকট দেখা দিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা শিগগিরই নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চরকুন্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা হালিমা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওসানারা এবং বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।