রাজনীতি
নেজামে ইসলাম পার্টির সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা। রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে, নেজামে ইসলাম পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলের নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের নেতা এহসানুল হক এবং হাসান ইবনে আলী।
বৈঠকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন-পরবর্তী করণীয় এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।