রাজনীতি
নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। সংস্কার না করে আগের নিয়মে কোনো নির্বাচন হতে পারে না, আর হলে সেটি প্রতিরোধ করা হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি বলেন, “দেশ যখন আগুনের মতো জ্বলছিল, তখন অন্যায়, খুনখারাবি ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতা রক্ত দিয়ে রাজপথে আন্দোলন করেছে। তারা দেশকে অন্যায়ের শৃঙ্খল থেকে মুক্ত করেছে। এখন যদি কোনো অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন ঘোষণা করতে বাধ্য করে, তবে স্পষ্ট জানিয়ে দিচ্ছি— আমরা ছাত্র-জনতা রাজপথ ছাড়িনি। যতদিন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হবে, কাঙ্ক্ষিত সংস্কার ও বিচার দৃশ্যমান না হবে, ততদিন আগের নিয়মে নির্বাচন হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র টেকসই হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম এবং সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।