রাজনীতি

জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায়: রেজাউল করিম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায়: রেজাউল করিম
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আমেরিকার সঙ্গে গোপন বৈঠকের মাধ্যমে ইনসাফ বাস্তবায়নের অভিযোগ তুলেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, দীর্ঘ ৫৪ বছর প্রচলিত ব্যবস্থায় দেশ পরিচালনার পরও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি। একই ব্যবস্থায় আবার ক্ষমতায় গিয়ে কীভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব—সে প্রশ্ন তোলেন তিনি। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, বাহ্যিকভাবে তারা নিজেদের ফেরেশতার মতো উপস্থাপন করলেও বাস্তবে তাদের ভেতরে ভিন্ন চিত্র রয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বসে ইনসাফ বাস্তবায়নের কথা বলছে। অথচ আমেরিকা ও ভারতের ইনসাফ বাংলার মানুষ আগে থেকেই দেখেছে, যা তারা আর দেখতে চায় না।

চরমোনাই পীর দাবি করেন, জামায়াত নিজেরাই স্বীকার করেছে যে তারা ইসলামী শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। ক্ষমতায় গেলে তারা প্রচলিত ব্যবস্থাতেই দেশ চালাবে। এমনকি তাদের এক প্রার্থী প্রকাশ্যে বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়।

তিনি প্রশ্ন রাখেন, যে নীতি ও আদর্শে দেশে গুম, খুন এবং অর্থপাচারের মতো ঘটনা ঘটেছে, সেই নীতিতেই আবার দেশ পরিচালনার চেষ্টা করা হচ্ছে কি না।