রাজনীতি
যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "বাংলাদেশের আকাশে এখন সংকট ঘনিভূত হচ্ছে। আমরা নাকি নির্বাচন পেছাতে চাই—আসলে নির্বাচন তারাই পেছাতে চায়, যারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।"
সোমবার (৭ জুলাই) রাতে পাবনা শহীদ চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “সংস্কার ছাড়া নির্বাচনের কথা যারা বলছেন, তারা আসলে গণতান্ত্রিক বিরোধী অবস্থান নিয়েছেন। ভারতের রাজনৈতিক ও মিডিয়া চক্রান্তের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। একটি বিশেষ দল আমাদের অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং মুজিববাদের নামে নতুন করে ঠিকাদারিত্ব শুরু করেছে।”
তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট রাজধানীর শহীদ মিনারে “জুলাই ঘোষণাপত্র” দাবিতে ‘চলো চলো, ঢাকা চলো’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বসুন্ধরা মালিকানাধীন মিডিয়া হাউজগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা পিছিয়ে যাবো না। মিডিয়াকে মাফিয়াতন্ত্র থেকে মুক্ত করতেই হবে। সংস্কার ছাড়া আর কোনো পথ নেই।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ।
সভায় নেতারা জুলাই আন্দোলনকে ‘গণজাগরণে রূপান্তরিত করার’ আহ্বান জানিয়ে বলেন, “এই আন্দোলন দেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক হয়ে উঠবে।”