রাজনীতি

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।

এর আগে একইদিন বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যাওয়ায় সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র জমা ও গ্রহণ করা হয়েছে এবং সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। তিনি আরও জানান, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য শপথ নেওয়া থাকে।

তিনি বলেন, একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে শপথ গ্রহণ করে থাকেন।

সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।