রাজনীতি
স্বামীর অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চাইলেন সামান্থা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন তাঁর অসুস্থ স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর স্বামীর চিকিৎসা বর্তমানে চলমান রয়েছে এবং গত তিন মাস ধরে একজন উদ্যমী ও কর্মঠ তরুণ মানুষকে অসুস্থতার কারণে নিস্প্রভ হয়ে যেতে দেখা তাঁর জন্য অত্যন্ত কষ্টের।
রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বামীর অসুস্থতার বিষয়টি জানান সামান্থা শারমিন। তিনি বলেন, এর আগে একদিন তিনি জানিয়েছিলেন, তাঁর পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ। তবে পারিবারিক জীবনকে তিনি সবসময়ই জনসম্মুখের আলোচনা থেকে দূরে রাখতে চান। এ কারণেই আগের পোস্টে তিনি অসুস্থ ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।
সামান্থা শারমিন লেখেন, তাঁর অসুস্থ স্বামীই তাঁর সেই প্রিয়তম মানুষ। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। গত তিন মাস ধরে একজন উদ্যমী, কর্মঠ ও তরুণ মানুষকে এভাবে ধীরে ধীরে নিস্প্রভ হয়ে যেতে দেখা তাঁর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক।
তিনি আরও বলেন, সর্বজ্ঞানী ও মহাপরাক্রমশালী আল্লাহ তায়ালা বিভিন্নভাবে তাঁর বান্দাদের পাপমুক্ত করেন কিংবা পরীক্ষা করেন। এ বিষয়ে তাঁর কোনো আফসোস নেই এবং তিনি আল্লাহর সিদ্ধান্তের ওপরই ভরসা রাখছেন।
স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়ে সামান্থা শারমিন বলেন, রাজনীতির কারণে তিনি নিজে, তাঁর স্বামী কিংবা দুজনেই অনেকের কাছে অপ্রিয় হতে পারেন। তবে এসবের ঊর্ধ্বে উঠে তিনি তাঁর স্বামীর সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
পোস্টের শেষাংশে তিনি আল্লাহর কাছে নিজেদের ভুলত্রুটি ক্ষমা এবং সঠিক পথের দিশা প্রার্থনা করেন। তিনি বলেন, আল্লাহ ছাড়া মানুষ প্রকৃত অর্থেই অসহায় ও শূন্য। তাই তাঁর স্বামীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।