রাজনীতি

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন, নির্বাচন করবেন ধানের শীষে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন, নির্বাচন করবেন ধানের শীষে
রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিতে যাচ্ছেন। বিএনপিতে প্রাথমিক সদস্য পদ গ্রহণের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মোবাইল ফোনে রাশেদ খাঁনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আবু হানিফ গণমাধ্যমকে জানান, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খাঁন বিএনপিতে যোগ দেবেন এবং দলটির সদস্য পদ গ্রহণ করবেন। এরপর তিনি বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব নেবেন- এমন প্রশ্নের জবাবে আবু হানিফ বলেন, বিষয়টি দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।