রাজনীতি

নিজের দুটি ‘দোষ’ স্বীকার করলেন রুমিন ফারহানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

নিজের দুটি ‘দোষ’ স্বীকার করলেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার দুটি প্রধান ‘দোষ’ আছে—একটি হলো তিনি যা বলেন, তা কার্যত করেন, এবং অন্যটি হলো স্বভাবগতভাবে তিনি রাগী। তিনি মনে করেন, রাজনীতিতে এই দুটি বৈশিষ্ট্য কখনও এড়ানো যায় না, যদিও অনেকের পছন্দ নাও হতে পারে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আমার দুটো দোষ আছে। এক হলো আমি যা বলি, তা করি। মানুষ মিষ্টি কথা শুনতে চায়, সেটা আমি পারি না। আর দুই হলো, আমি একটু রাগী। রাগি না হলে এই দেশে কাজ করা সম্ভব নয়।”

রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, “সেদিন যদি ধমক না দিতাম, তাহলে আমার কর্মীদের সঙ্গে খারাপ আচরণ হতো। ওই দিন শুধু বোঝাতে চেয়েছি, প্রয়োজনে আমি কঠোর হতে পারি।”

তিনি জানান, মহিলা কোটায় নির্বাচন করার সুযোগ থাকলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন, কারণ নির্বাচিত হলে স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ বেশি।

এর আগে বিকেলে সরাইল উপজেলার জয়ধর কান্দি এলাকায় অন্য একটি নির্বাচনী সভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, শুধু প্রতীক দেখেই ভোট না দিয়ে প্রার্থীর যোগ্যতা, সততা ও সাহস বিবেচনা করে ভোট দিতে হবে। তিনি বলেন, “একজন নেতা একা লড়াই করতে সক্ষম না হলে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়।”

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে দলটি জোটসঙ্গী জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রচারণা শুরুর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কর্মীকে জরিমানার ঘটনায় তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।