রাজনীতি
ঈদ উপলক্ষে মিছিলসহ তিন দিনের উৎসবের ঘোষণা এনসিপির
ঈদকে কেন্দ্র করে তিনদিনব্যাপী নানা আয়োজনের ঘোষণা দিয়েছে এনসিপি।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদের দিন সকালে হাইকোর্ট এলাকা থেকে একটি মিছিল শুরু হবে। মিছিলটি শহীদ মিনার ঘুরে শেষ হবে শাহবাগে।
তিনি আরও জানান, ঈদের আগের রাতে রবীন্দ্র সরোবরে মেহেদি অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন করা হবে। এছাড়া ঈদের পরদিন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসবের আয়োজন করা হবে।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই আয়োজনে অংশ নিতে পারবেন। তিনি জানান, পুরো আয়োজন পরিচালনায় স্বেচ্ছাসেবক হিসেবে যে কেউ যুক্ত হতে পারবেন।
এ ছাড়া এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।