রাজনীতি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক ও জনপদ বিভাগের (সওজ) পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযান শুরুর আগে থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ সময় যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল শিমরাইল মোড়ে অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদিরের অনুসারী জিহাদ ও রবিনসহ ১০ থেকে ১২ জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং উচ্ছেদ কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু সংঘর্ষ তীব্র হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, এই সংঘর্ষ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নয়, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মূলত মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে এই মারামারির সূত্রপাত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি।
এর আগে শিমরাইল মোড়ে অবৈধ দখল ও হকার উচ্ছেদে অভিযান চালায় সওজ। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান।