রাজনীতি

জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৩১ এএম

জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৮ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সংশ্লিষ্ট সব অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ২৮ ও ২৯ জুলাই সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় শহীদদের কবর জিয়ারত করবেন। একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।