রাজনীতি
জবি-ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ কয়েকটি এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এসব সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগে কয়েকজন চিকিৎসা নেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর হামলার ঘটনা ঘটে। এতে সানাউল্লাহ নামে ছাত্রদলের সাবেক এক নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
আহত নেছারুদ্দীন রাব্বি অভিযোগ করেন, তিনি কয়েকজন বন্ধুসহ সেখানে অবস্থানকালে হঠাৎ একদল ব্যক্তি এসে তাদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীরা ছাত্রশিবিরের কর্মী হতে পারে বলে তার ধারণা।
এদিকে ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের মাঝে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলিয়া মাদ্রাসা এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় সানাউল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এর আগে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে আহত তিন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী তাওহিদুল ইসলাম দাবি করেন, তার ওপর প্রতিপক্ষের হামলা চালানো হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাজধানীর বিভিন্ন স্থান থেকে আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।