রাজনীতি

বিপ্লবের ২ বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি: নাহিদ  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৩৬ এএম

বিপ্লবের ২ বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি: নাহিদ  
ছবিঃ সংগৃহীত

বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। 

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার (০৫ আগস্ট) দেওয়া এক বার্তায় তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, সংস্কার বাস্তবায়নে অনীহা এবং প্রশাসনিক অদক্ষতার কারণে শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি।

নাহিদ ইসলাম বলেন, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর থেকে এই ভূখণ্ডের মানুষ মুক্তির সংগ্রামে বারবার লড়াই করেছে। তিতুমীরের বাঁশের কেল্লা, হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, হাবিলদার রজব আলীর বিদ্রোহ এবং শেরে বাংলার লাহোর প্রস্তাব সেই দীর্ঘ সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলেও জনগণের প্রত্যাশিত ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বার্তায় তিনি আরও বলেন, দীর্ঘ বৈষম্য, শোষণ ও দমন-পীড়নের ধারাবাহিকতায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্বিচার হামলা চালানো হয়। সেই রক্তাক্ত অধ্যায় থেকেই ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে ওঠে। ছাত্র, শ্রমিক, শিক্ষক, আলেম-ওলামা, আইনজীবী, নারী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, প্রবাসী, সৈনিক এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট নতুন এক অধ্যায়ের সূচনা হয়।

তবে তিনি দাবি করেন, বিজয়ের পর রাজনৈতিক নেতৃত্বের অসহযোগিতা ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে ফ্যাসিবাদী কাঠামো ভাঙার যে জনআকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবে রূপ নেয়নি। তার ভাষায়, ‘বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি।’

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, অতিমাত্রায় ক্ষমতার কেন্দ্রীকরণ, দলীয়করণ, সংস্কারবিরোধী অবস্থান এবং প্রশাসনিক অদক্ষতা দেশকে আবারও সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটে দেওয়া জনরায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রের প্রতিটি স্তরে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং সকল গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

বার্তার শেষে তিনি শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ হৃদয় তরুয়াসহ সকল শহীদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।।