প্রবাস
নিউইয়র্কের পর এবার টেনেসিতে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি এক রেস্টুরেন্টকর্মী গুলিতে নিহত হওয়ার একদিনের মধ্যেই টেনেসিতে ডাকাতের গুলিতে প্রাণ হারিয়েছেন আরেক বাংলাদেশি। নিহত মহসিন রানা নামের ওই ব্যক্তির বয়স ৩৮ বছর। তিনি টেনেসির বেলস শহরের একটি গ্যাস স্টেশনের দোকানে কর্মরত ছিলেন।
রোববার (২৩ আগস্ট) ভোররাতে বেলস শহরের ৫০৫৪ হাইওয়ে ৪১২ সাউথে অবস্থিত এক্সন সাফারি কর্নার মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এক বন্দুকধারী দোকানে ঢুকে ডাকাতির সময় মহসিনকে গুলি করে পালিয়ে যায়।
পরে দোকানে আসা এক ক্রেতা ক্যাশ কাউন্টারের কাছে মহসিনকে মেঝেতে পড়ে থাকতে দেখে জরুরি সেবায় ফোন করেন। পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি দোকান থেকে পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্তে ক্রকেট কাউন্টি শেরিফের কার্যালয়, বেলস পুলিশ, টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশন, অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো এবং ফেডারেল তদন্ত ব্যুরোসহ একাধিক আইনশৃঙ্খলা সংস্থা কাজ করছে।
নিহত মহসিনের এক স্বজন জানান, ঘটনার সময় তিনি কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। বন্দুকধারী প্রথমে ক্যাশ কাউন্টারে থাকা টাকা দাবি করলে মহসিন কোনো ধরনের বাধা না দিয়ে টাকা তুলে দেন। এরপর সন্দেহভাজন ব্যক্তি সিগারেট চাইলে মহসিন তার নির্দেশ অনুযায়ী সিগারেট দিতে থাকেন। একপর্যায়ে বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়।
প্রায় সাত বছর আগে ঢাকার সাভার থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মহসিন রানা। তার স্ত্রী ও দুই ছেলে বাংলাদেশে থাকেন। দুই সন্তানের বয়স যথাক্রমে ১২ ও ৫ বছর।
এদিকে একই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে গুলিতে নিহত হন ৪৪ বছর বয়সী বাংলাদেশি রেস্টুরেন্টকর্মী ইউসুফ রাজু। ব্রাউনসভিল এলাকার আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজায় রোববার ভোরে ওই হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় রাসেল নামে ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বাংলাদেশিদের গুলিতে হতাহত হওয়ার ঘটনায় দেশটির বাংলাদেশি কমিউনিটিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে টেনেসি ও নিউইয়র্কের দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।