ধর্ম
তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল
পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগ জামাতের অন্যতম প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক ইন্তেকাল করেছেন। বুধবার ২ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাবলিগ জামাতের সাথী, আলেম, উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তাবলিগ জামাত বাংলাদেশ আলমি শুরার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ডসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের তাবলিগ জামাতের আলমি শুরার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দীর্ঘদিন তিনি রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বি হিসেবে দাওয়াত ও তাবলিগের মেহনতে যুক্ত ছিলেন। পারিবারিকভাবেও তিনি তাবলিগ জামাতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশির সাহেবের সন্তান।
শিক্ষাজীবনে মাওলানা এহসানুল হক সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সঙ্গে একই সময়ে অধ্যয়ন করেন। পরে শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাদিস অধ্যয়ন করেন এবং দীর্ঘদিন তার খেদমতে নিয়োজিত ছিলেন।
পড়াশোনা শেষ করার পর তৎকালীন আলেমদের তাবলিগে সময় দেওয়ার প্রচলিত রীতি অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন। নির্ধারিত সময়ের মেহনত শেষ করার পর ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন। সেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সঙ্গেও শিক্ষকতা করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে আসেন। এরপর ইলম শিক্ষা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি মারকাজের বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সংশ্লিষ্টরা জানান, মাওলানা এহসানুল হকের সঙ্গে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির খান্দানেরও ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল।