সারাদেশ

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
ছবি: সংগৃহীত

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাড়িটিতে শুক্রবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ বলেন, ভোরে নামাজে যাওয়ার সময় তিনি হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান। তাদের দাঁড়াতে বললে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়, এতে তার সন্দেহ আরও বাড়ে।

এদিকে বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী জান্নাতি আক্তার জানান, সকালে বাড়ির সামনে একটি গামছায় মোড়ানো কিছু টাকা পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি তার বড়বোন ফাতেমা বেগমকে জানান। পরে ফাতেমা বেগম ঘরে ঢুকে দেখতে পান একটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলমারিতে থাকা নগদ অর্থ চোরেরা নিয়ে গেছে।

শরীফ ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরে ঢুকে চুরি করেছে। কী পরিমাণ টাকা বা মালামাল খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। তিনি তখন প্রচার কার্যক্রম শেষে সহকর্মীদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

স্বজনরা জানান, হাদির ওপর হামলার খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।