সারাদেশ
বরিশালে ট্রাকচাপায় বাইক আরোহী দুই যুবক নিহত
বরিশাল নগরীতে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ট্রাকের চাপায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন। ঘটনা ঘটে রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে, ঝালকাঠি-বরিশাল মহাসড়কে।
নিহতরা হলেন রূপাতলী এলাকার জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)। তারা উভয়ই রূপাতলী এসিআই অ্যানিমাল হেলথ স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।
নিহতদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শী জিহাদ জানিয়েছেন, রাতের অফিস শেষে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেল চালিয়ে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝালকাঠিগামী একটি মালবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি জানান, ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।