সারাদেশ
আর্জেন্টিনা জার্সি পরে এলে ভিজিট অর্ধেক, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় দলের সমর্থক হিসেবে পরিচিত এই চিকিৎসক ঘোষণা দিয়েছেন, তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের ভিজিট ফি অর্ধেক নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিশ্বকাপ চলাকালীন তার চেম্বারে এই বিশেষ অফার চালু থাকবে। আর্জেন্টিনার জার্সি পরে আসলেই রোগীরা ভিজিটে ছাড় পাবেন।
তিনি আরও উল্লেখ করেন, তার চেম্বার পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে।
ঘোষণাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এটিকে বিশ্বকাপের আনন্দঘন পরিবেশের একটি মজার প্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবল সমর্থনকে যুক্ত করার এই উদ্যোগকে ব্যতিক্রমী বলে মন্তব্য করেছেন।
বর্তমানে ডা. মো. হাবিবুর রহমান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা সংক্রান্ত চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
এ বিষয়ে তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ ঘিরে মানুষের মাঝে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেটিকে ভিন্নভাবে উদযাপনের ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও, অফারের আওতায় আর্জেন্টিনা জার্সি পরা রোগীদের জন্য তা কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এটি মূলত আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটি শুভেচ্ছা। এতে চিকিৎসাসেবায় কোনো ব্যাঘাত ঘটবে না, বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হবে।
এদিকে এই ঘোষণাকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিষয়টি শেয়ার করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, বিশ্বকাপ উপলক্ষে নানা ধরনের অফার থাকলেও চিকিৎসকের পক্ষ থেকে এমন উদ্যোগ তুলনামূলক বিরল, যা ইতোমধ্যেই কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।