সারাদেশ
পটুয়াখালীতে নিয়োগ পরীক্ষা চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে ছাত্রদলের ২ নেতার মারামারি
পটুয়াখালীর বাউফল উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখে উত্তর লিখছেন—এমন অভিযোগ তুলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ হলরুমের বাইরে থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
পরীক্ষা শেষে এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আব্দুল্লাহ আল ফাহাদ ও পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদিকুজ্জামান রাকিবের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
আব্দুল্লাহ আল ফাহাদ দাবি করেন, তিনি পরীক্ষার আগে সৌজন্য সাক্ষাৎ করতে হলে গিয়েছিলেন এবং পরীক্ষা শুরুর আগেই বের হয়ে আসেন। পরে বাইরে থেকে অনিয়ম দেখতে পেয়ে তিনি ভিডিও ধারণ করেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে সাদিকুজ্জামান রাকিব তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে সাদিকুজ্জামান রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, পরীক্ষা চলাকালে ভিডিও ধারণ করায় পরীক্ষার্থীরা বিব্রত হন এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ বিষয়ে কথা বলতে গেলে ফাহাদ তার ওপর চড়াও হন বলে দাবি করেন তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।