সারাদেশ
দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, পিছিয়ে পড়ার নেপথ্যে যেসব কারণ
একসময় ‘বাংলার শস্যভাণ্ডার’ ও ‘বাংলার ভেনিস’ নামে পরিচিত বরিশাল এখন দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে দরিদ্র বিভাগ। কৃষি ও মৎস্য উৎপাদনে সংকট, শিল্পকারখানার স্বল্পতা এবং কর্মসংস্থানের অভাবে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে উপকূলীয় এই অঞ্চল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্র ২০২২ অনুযায়ী, দেশে গড় দারিদ্র্যের হার ১৯ দশমিক ২ শতাংশ। সেখানে বরিশালে দারিদ্র্যের হার ২৬ দশমিক ৬ শতাংশ, যা দেশের বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ। একসময় দরিদ্রতম বিভাগ হিসেবে পরিচিত রংপুর বর্তমানে ২৫ শতাংশ দারিদ্র্যের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
কর্মসংস্থানের সংকটের কারণে বরিশালের অনেক মানুষ রাজধানীমুখী হচ্ছেন। জনশুমারি ২০২২-এর তথ্য অনুযায়ী, বরিশালের স্থানীয় অধিবাসীদের ১৮ দশমিক ৬২ শতাংশ বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তাদের বড় একটি অংশ রাজধানীর বিভিন্ন বস্তিতে বসবাস করেন।
কৃষিনির্ভর অর্থনীতি হলেও ধান উৎপাদনে পিছিয়ে পড়ছে বরিশাল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে বিভাগটিতে আউশ ধানের উৎপাদন আগের বছরের ৪ লাখ ৩০ হাজার টন থেকে কমে ৩ লাখ ৭৪ হাজার টনে নেমেছে। আমন ধানের উৎপাদনও কমেছে। কৃষি অর্থনীতিবিদ এ এইচ এম সাইফুল ইসলামের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে জমিতে লবণাক্ততা বাড়ছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
মৎস্য খাতেও একই ধরনের সংকট দেখা দিয়েছে। বিভাগীয় মৎস্য কার্যালয়ের হিসাব অনুযায়ী, ২০২২ থেকে ২০২৩ অর্থবছরে বরিশালে ৩ লাখ ৭২ হাজার টন ইলিশ উৎপাদিত হলেও ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরে তা কমে ২ লাখ ৬৬ হাজার টনে দাঁড়িয়েছে। উৎপাদন কমায় এর প্রভাব পড়েছে জেলে ও কৃষকদের আয়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, ধান ও গম উৎপাদনে বরিশালের কৃষকদের বার্ষিক নিট আয় মাত্র ৬ হাজার ৮১ টাকা, যা দেশের মধ্যে সর্বনিম্ন।
প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানি সম্পদ থাকার পরও স্থানীয় শিল্পায়নে এর সুফল পুরোপুরি কাজে লাগানো যায়নি। ভোলায় প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বড় মজুদ রয়েছে বলে বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানির তথ্য বলছে। তবে দীর্ঘ তিন দশকেও সেখানে উল্লেখযোগ্য শিল্পায়ন হয়নি।
ছয় জেলা নিয়ে গঠিত পুরো বরিশাল বিভাগে শিল্পকারখানার সংখ্যাও তুলনামূলকভাবে কম। বর্তমানে বরিশাল জেলায় ৪০৯টি উল্লেখযোগ্য কারখানা রয়েছে, যেখানে প্রায় ২০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, নদীনির্ভর যোগাযোগব্যবস্থা, জ্বালানি সংকট এবং দীর্ঘদিনের সমন্বিত উন্নয়ন পরিকল্পনার অভাব বরিশালের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক মনে করেন, দক্ষিণাঞ্চলের প্রভাবশালী নেতারা জাতীয় রাজনীতিতে বেশি মনোযোগ দেওয়ায় পুরো অঞ্চলের জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া সম্ভব হয়নি।
বরিশাল ১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের মতে, জ্বালানি সংকট ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে উপকূলীয় এই অঞ্চল পিছিয়ে পড়েছে। তবে ভোলার গ্যাস স্থানীয় শিল্প ও সার কারখানায় ব্যবহার, পায়রা বন্দর পুরোপুরি চালু এবং ভোলা বরিশাল সংযোগ মহাসড়ক নির্মাণ করা গেলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্র অনুযায়ী, ২৬ দশমিক ৬ শতাংশ দারিদ্র্যের হার নিয়ে বরিশাল দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ। বিপরীতে ১৫ দশমিক ২ শতাংশ দারিদ্র্যের হার নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এ ছাড়া ময়মনসিংহে ২২ দশমিক ৬ শতাংশ, ঢাকায় ১৯ দশমিক ৬ শতাংশ, সিলেটে ১৮ দশমিক ৫ শতাংশ, খুলনায় ১৭ দশমিক ১ শতাংশ এবং রাজশাহীতে ১৬ দশমিক ৩ শতাংশ দারিদ্র্যের হার রয়েছে।