সারাদেশ

ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার আগেই স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। অতিরিক্ত দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে উত্তেজনা দেখা দেয়।

এ সময় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেলে দর্শকদের একাংশ আইনশৃঙ্খলা বাহিনী ও গ্যালারির দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে ইউএনওসহ অন্তত ২০ জন আহত হন।

পরে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত শক্তি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা উত্তেজনার পর বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।