সারাদেশ
লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি
লক্ষ্মীপুরের জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কিছু নথি পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরের দিকে অফিস ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, ভোর আনুমানিক ৪টার সময় এক ব্যক্তি দেয়াল টপকে অফিস চত্বরে প্রবেশ করে। এরপর নির্বাচন অফিসের স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। ঘটনাটি টের পেয়ে দায়িত্বে থাকা নাইটগার্ড দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ২০০৮–২০০৯ সালের ভোটার তালিকার ফরমসহ কিছু পুরোনো নথি পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।
এদিকে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, ঘটনার পর নির্বাচন সংক্রান্ত সব দপ্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয়, সহকারী রিটার্নিং অফিসারদের অফিস, জেলা নির্বাচন অফিসসহ সব নির্বাচন অফিসে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।