সারাদেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল প্রায় ৪০০ ঘর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল প্রায় ৪০০ ঘর
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০০ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত প্রচেষ্টায় চার ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্রই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে নিশ্চিত কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্যাম্পের ডি-৪ ব্লকের একটি লার্নিং সেন্টার থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পাশের বসতঘর ও শেডে বিস্তৃত হয়।

রোহিঙ্গা নেতা নুর মোহাম্মদ বলেন, আগুনে বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। তারা বর্তমানে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২৬ ডিসেম্বর কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। এর আগে, ২৫ ডিসেম্বর রাতে একই ক্যাম্পে অন্তত ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।