সারাদেশ

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ১০ জন হাসপাতালে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ১০ জন হাসপাতালে
ছবি: সংগৃহীত

কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকায় একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে প্রশাসন।

এর আগে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কলাতলী এলাকার সদ্য নির্মিত এন আলম ফিলিং স্টেশন নামের গ্যাস পাম্পে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাম্পের পার্শ্ববর্তী প্রায় ৫০টি বসতঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করে এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর অন্তত নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে বেশ কয়েকটি ঘরবাড়ি ছাড়াও একটি গ্যারেজে রাখা কয়েকটি গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিদগ্ধ ১০ জনকে তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা ব্যয়ে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।