সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত বাসটি বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন আরও অনেকে।

দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা মহাসড়ক থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খাঁটিহাতা মহাসড়ক থানার দ্বিতীয় কর্মকর্তা মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।