সারাদেশ
আলোচিত শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ওরফে ইরা মনিকে ধর্ষণের চেষ্টা করে নির্মমভাবে হত্যার বহুল আলোচিত মামলায় একমাত্র আসামি বাবু শেখ (৪৫)কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল তিনটার দিকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০২ ধারায় এই দণ্ড প্রদান করেন। রায়ের পর দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহত শিশু ইরা মনির পরিবার।
মামলার বিবরণে জানা যায়, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় চকলেটের প্রলোভন ও ঘুরতে যাওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় আসামি। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটি জঙ্গল থেকে বের হয়ে নিকটস্থ শ্রমিকদের কাছে আশ্রয় নেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনার মাত্র সাড়ে চার মাসের মধ্যে মামলার বিচার সম্পন্ন হয়। মাত্র ১০ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।