সারাদেশ
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার স্রোতে কবর ভেঙে ভেসে উঠল তিন মরদেহ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়ে তিনটি মরদেহ ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আলতাব আলী চৌধুরী জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর পানি লোকালয়ে ঢুকে তীব্র স্রোতের সৃষ্টি করে। এতে কবরস্থানের একটি অংশ ভেঙে গেলে কবর থেকে তিনটি মরদেহ ভেসে পাশের ঝোপঝাড়ে গিয়ে আটকে পড়ে।
পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে মরদেহগুলো উদ্ধার করেন এবং মসজিদের খাটিয়ায় রাখেন। পরবর্তীতে সেগুলো অন্য একটি নিরাপদ কবরস্থানে পুনরায় দাফনের ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কবরস্থানসহ আশপাশের বসতবাড়িও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।