সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেন (৩১)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (৮ আগস্ট) সকালে ক্যাম্পের একটি বাথরুমের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নিয়মিত রোলকলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি।
শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ বাথরুমের কাছে গিয়ে দরজাটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি ও দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় দেখতে পান।
পরে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানার একটি দল উপস্থিত হয়ে সবার সামনে বাথরুমের দরজা কেটে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা, বাথরুম ব্যবহারের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।