সারাদেশ
পালাতে গিয়ে ৫ তলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রী, উদ্ধারে ফায়ার সার্ভিস
ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করে ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকা পড়ে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ছাত্রী ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, পড়াশোনার প্রতি ওই ছাত্রীর অনীহা ছিল। এর আগে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতেও চলে গিয়েছিল সে। শনিবার সকালে তার বড় ভাই তাকে আবার মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পর তাকে মাদ্রাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে মাদ্রাসার পাঁচতলার একটি জানালার পাশে সরু কার্নিশে ছাত্রীটিকে বসে থাকতে দেখা যায়। সেখানে সে আটকা পড়েছিল। খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে জানায়। পরে পুলিশও ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে নিচে নামার সময় ওই ছাত্রী পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। সেখানে অবস্থান করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ২টার দিকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
মাদ্রাসার মুহতামিম জানান, প্রায় ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করা হয়। পড়াশোনার প্রতি অনীহার কারণে এর আগেও কয়েকবার সে বাড়ি চলে গিয়েছিল। শনিবার আবার মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর পালানোর চেষ্টা করলে কার্নিশে আটকা পড়ে। ঘটনার পরপরই তার পরিবারকে বিষয়টি জানানো হয়।
ফেনী মডেল থানার উপপরিদর্শক মোতাহের হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রীটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।