সারাদেশ

কক্সবাজারে আবাসিক হোটেলে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

কক্সবাজারে আবাসিক হোটেলে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির (৪৪) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় দি গ্রান্ড ঢাকা হোটেলের ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল খালেক তালুকদার। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

হোটেলটির ব্যবস্থাপক জিন্টু বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার চেকআউটের সময় হলে তার দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় আতাউল কবিরের মরদেহ দেখতে পায় পুলিশ।

পরে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার জানান, আতাউল কবির প্রায় এক বছর ধরে হোয়াইক্যং হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক সমস্যায় ভুগছিলেন। প্রায় চার মাস আগে বিষয়টি তিনি জানতে পারেন এবং আতাউল কবিরকে এ বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন।

ওসি জানান, কয়েকদিন আগে আতাউল কবির ছুটিতে গিয়েছিলেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময়ই তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।