সারাদেশ
খাগড়াছড়িতে পরিত্যক্ত ৫ বস্তা থেকে অস্ত্র ও ভারতীয় মাদক উদ্ধার
খাগড়াছড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত পাঁচটি বস্তা থেকে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার টাকা।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় বিভিন্ন প্রকারের ৩১ বোতল মদ, সোয়া চার কেজি গাঁজা এবং ৪৭ কার্টন ভারতীয় সিগারেট।
খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে জানমারাটিলা ডাউনে অভিযান চালানো হয়।
এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে ওই এলাকায় পুনরায় তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে বস্তাগুলো খুলে বিদেশি পিস্তল, গুলি, ভারতীয় মাদক ও সিগারেট পাওয়া যায়।
বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক কাজ করছে। নিয়মিত টহলের পাশাপাশি ভবিষ্যতেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।