সারাদেশ

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার পর্যটন এলাকা তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার, ৫ অক্টোবর বিকেলে আলীকদম ও তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় নিহত ও আহত সবাই পর্যটক। তারা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলটি থানচি উপজেলা সদর থেকে দুর্গম এলাকায় অবস্থিত। পাশাপাশি সেখানে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃধা জানান, দুর্ঘটনার পর বিজিবি ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত পাঁচ পর্যটককে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।