সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পরই অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে কুলসুম আক্তার নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত কুলসুম আক্তার নাসিরপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. জয়নাল মিয়ার মেয়ে। সে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়িতে ভাত রান্না না হওয়ায় মুড়ি ও চা খেয়ে স্কুলে যায় কুলসুম। বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করে সে। পরে বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে দ্বিতীয় তলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়।
বিষয়টি দেখে সহপাঠীরা তাকে নিচে নামিয়ে আনে। এ সময় তার মাথায় পানি দেওয়া হয়। তখন কুলসুমের শ্বাসকষ্ট হচ্ছিল। খবর পেয়ে শিক্ষকরা ও তার মা দ্রুত তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তড়িৎ হৃদযন্ত্র পরীক্ষা করেও কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।