সারাদেশ

গোপালগঞ্জে সহিংসতায় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী মারা গেছেন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম

গোপালগঞ্জে সহিংসতায় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী মারা গেছেন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় সহিংসতার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া রিকশাচালক রমজান মুন্সী (২৮) শেষ পর্যন্ত মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

রমজান মুন্সী সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আকবর মুন্সীর ছেলে।

নিহতের ভাই ইমরান মুন্সী জানান, “আমার ভাই একজন রিকশাচালক। বুধবার দুপুর আড়াইটার দিকে চৌরঙ্গী কোর্টের সামনে দিয়ে ফেরার সময় হঠাৎ সহিংসতার মাঝে পড়ে যায়। তখন অজ্ঞাত দিক থেকে ছোড়া গুলি তার ডান হাতের কব্জির ওপর এবং বগলে লাগে।”

ঘটনার পরপরই রমজানকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেদিন রাতেই ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বর্তমানে একই ঘটনায় আহত সুমন বিশ্বাস (২০) ও আব্বাস আলী সরকার (৩০) ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

এই নিয়ে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। ঘটনার দিন বুধবারই গুলিতে প্রাণ হারিয়েছিলেন মোবাইল যন্ত্রাংশ ব্যবসায়ী সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), দোকান কর্মচারী ইমন তালুকদার (১৭) এবং নির্মাণ শ্রমিক রমজান কাজী (১৮)।