সারাদেশ

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আসামি ৪০০


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০১:০০ পিএম

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আসামি ৪০০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ৭৫ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি দায়ের করেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ড. রুহুল আমিন সরকার গণমাধ্যমকে জানান, দায়ের করা মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম সরাসরি উল্লেখ রয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও প্রায় ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তদন্তের মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা হামলার শিকার হন। সমাবেশস্থলে পৌঁছানোর আগেই পৌর পার্ক এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে নেতাদের গাড়িবহরেও হামলা হয়, যা দ্রুত সহিংস সংঘাতে রূপ নেয়।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে ১৪৪ ধারা জারি করলেও তা যথেষ্ট না হওয়ায় রাত আটটা থেকে পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করে প্রশাসন, যা পরে সময় বাড়িয়ে চলমান রাখা হয়।

এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির আগে থেকেই জেলায় উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার পর দলটির কেন্দ্রীয় নেতারা সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে যান।

প্রসঙ্গত, সহিংসতার জন্য দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন। তদন্ত অব্যাহত রয়েছে।