সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ভোরে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী জানান, ময়মনসিংহের নন্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) ফরিদপুরের আটরশি পীরের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন। যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে একটি বস্তাবোঝাই ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মো. আজাদ জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ চালিয়ে বাসে আটকে পড়া যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।