সারাদেশ
টাঙ্গাইলে বসতবাড়িতে পটকা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি, ৭ সদস্য গ্রেফতার
টাঙ্গাইলের ঘাটাইলে বসতবাড়িতে পটকা বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ রতি স্বর্ণ, ৩৪ ভরি রূপা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সোহাগ মণ্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ আগস্ট ভোররাতে ঘাটাইল উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বণিকের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত হানা দেয়। তারা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, রূপার গহনা এবং মোবাইলসহ মোট ৬ লাখ ৪১ হাজার ৮০০ টাকার মালামাল লুট করে।
স্থানীয়রা চিৎকার করলে ডাকাতরা পটকা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। ঘটনার পর টাঙ্গাইল ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগস্ট গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে সোহাগ মণ্ডলকে গ্রেফতার করা হয়। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, মূলহোতা মিন্টুকে নেত্রকোনা থেকে এবং তার দেওয়া তথ্যে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বাকিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল।