সারাদেশ

দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে: টুকু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে: টুকু
বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: ঢাকাপ্রকাশ

অন্তবর্তীকালীন সরকারের ঘোষণামতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক মাঠে পিআর নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। আর এই পিআরের নানাধিক সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি সন্দীপ এমপি পাইছি মালদ্বীপ। এরকম হলে কি চলবে? এ দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পিআর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে না। পিআর মানে কি? ভোট দিলাম টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালীতে। টাঙ্গাইলে যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষই চিনবে। নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধিকে চিনবে। এটাই তো হওয়ার কথা। কাজেই এ দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে।

টুকু বলেন, সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করে দিতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেষ হয়ে যাবে। এটা মনে করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর জেল খাটিয়েছিল। মনে করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর নাই শেষ হয়ে গেছে। 

বিএনপির এই নেতা আরও বলেন, এ দেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে ভোট দিবো ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে।

এ সময় সদর উপজেলা বিএনপি'র সভাপতি আজগর আলী সভাপতিত্বে বক্তব্য আরও রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম প্রমুখ।