সারাদেশ
আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন ওই বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা জামিলা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের দিকে বাসা থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় আশপাশের লোকজনের। পরে তারা জানালায় উঁকি দিয়ে দেখেন, খাটের ওপর মা ও মেয়ের নিথর দেহ পড়ে আছে এবং রুবেল ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এটি নিছক আত্মহত্যা না অন্য কিছু, সেটি বোঝার জন্য মরদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।