সারাদেশ
ভাঙ্গায় মহাসড়কের পাশে মিলল ৩২টি পেট্রলবোমা ভর্তি লাগেজ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে ৩২টি পেট্রলবোমা ভর্তি একটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় এসব বোমা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা একটি কালো রঙের লাগেজ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেটি উদ্ধার করে খুলে দেখা যায়, ভেতরে সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলে ভরা ৩২টি পেট্রলবোমা রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “মহাসড়কের পাশে ফেলে রাখা সন্দেহজনক একটি লাগেজ উদ্ধার করা হয়। পরে খুলে দেখা যায় এর ভেতরে ৩২ বোতল পেট্রলবোমা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
পুলিশের ধারণা, চলমান আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির পরিকল্পনায় এসব বোমা সেখানে মজুত করা হয়েছিল। তবে এখন পর্যন্ত ঘটনায় কাউকে আটক করা যায়নি।