সারাদেশ

জমি নিয়ে বিরোধ: নরসিংদীতে ১ বছর ধরে ঘরবন্দী দুই বোন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

জমি নিয়ে বিরোধ: নরসিংদীতে ১ বছর ধরে ঘরবন্দী দুই বোন
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে অমানবিক ঘরবন্দী জীবন যাপন করছেন দুই বোন।

তাঁদের একজন অঙ্গ-প্রতিবন্ধী কামরুন্নাহার বেগম (৩৫) এবং অন্যজন তাছলিমা বেগম (৫২)। অভিযোগ উঠেছে, আপন ভাই কামরুজ্জামান কামাল বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় তাঁরা কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন।

প্রতিবন্ধী কামরুন্নাহার বলেন, ‘জন্মের এক বছর পর পোলিওতে আক্রান্ত হয়ে অঙ্গ-প্রতিবন্ধী হয়েছি। তবুও জীবনযুদ্ধ থামাইনি। কিন্তু ভাই এখন সেই জীবনের পথটাই বন্ধ করে দিয়েছে। এমনভাবে বাঁচার চেয়ে মরাই ভালো মনে হয়।’ চলাচলের পথ না থাকায় তাঁর জীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

protibondhi.jpg
প্রতিবন্ধী কামরুন্নাহারের ঘরবন্দী জীবন। ছবি: সংগৃহীত

অপরদিকে, তার বড় বোন তাছলিমা বেগম বলেন, মা-বাবা মারা যাওয়ার পর থেকেই ভাই তাঁদের পৈতৃক সম্পত্তির দিকে নজর দেয়। প্রায় এক বছর আগে সে বাড়ির প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।

এরপর থেকেই ঘরে বন্দী জীবন কাটাচ্ছি। মই বেয়ে বাইরে যাই, কিন্তু ছোট বোন একেবারেই ঘর থেকে বের হতে পারছে না। মানুষের কাছে সাহায্য চেয়েও কোনও সমাধান পাইনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য গাজী মাজহারুল ইসলাম পলাশ ঘটনাটিকে 'অত্যন্ত অমানবিক' বলে উল্লেখ করেছেন। তিনি জানান, চেয়ারম্যানসহ তাঁরা একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কারণ ভাই কামরুজ্জামান কামাল কাউকে মানছেন না।

তিনি আরও বলেন, বর্তমানে ১০ ফুট উঁচুতে মই ব্যবহার করে তাঁদের যাতায়াত করতে হয়। এই সমস্যার সমাধানে তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, তাদের ভাই কামরুজ্জামান কামাল এ বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি, উল্টো তিনি সাংবাদিকদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিনা অনুমতিতে বোনদের বাড়িতে যাওয়ার জবাবদিহি চান। স্থানীয়দের প্রতিও তাঁর আচরণ ছিল ক্ষিপ্ত।

অঙ্গ-প্রতিবন্ধী কামরুন্নাহারের দীর্ঘ এক বছরের গৃহবন্দী জীবন স্থানীয় সুশীল সমাজ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষনের দাবি জানাচ্ছে।