সারাদেশ

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন পেলেন আপন দুই ভাই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন পেলেন আপন দুই ভাই
আবদুস সালাম পিন্টু (বামে) ও তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একই পরিবারের দুই সহোদর। টাঙ্গাইল-২ আসনে প্রথম দফায় ঘোষিত প্রার্থী সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পর এবার টাঙ্গাইল-৫ আসনে মনোনয়ন পেলেন তার ছোট ভাই, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অঘোষিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সেখানেই সুলতান সালাউদ্দিন টুকুর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

প্রথম দফার ঘোষণায় টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী না থাকায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও টুকুর সমর্থকদের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল, নতুন তালিকা প্রকাশের মধ্য দিয়ে সেটির অবসান হয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-২ আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনের পর তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান এবং পরবর্তীতে শিল্প প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি হিসেবে মাঠের রাজনীতি থেকে উঠে আসা টুকু বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার গ্রেফতার ও মামলার মুখোমুখি হয়েছেন তিনি।

একই পরিবারের দুই ভাইয়ের ভিন্ন দুই আসনে মনোনয়ন পাওয়া বিএনপির রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনীতিতেও নতুন গতিপ্রবাহ তৈরি হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।