সারাদেশ

গাজীপুরে ময়লার স্তুপ থেকে মানব কঙ্কাল উদ্ধার, পরিচয় অজানা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

গাজীপুরে ময়লার স্তুপ থেকে মানব কঙ্কাল উদ্ধার, পরিচয় অজানা
ছবি: সংগৃহীত

গাজীপুরে একটি ময়লার স্তুপ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা প্রথমে ময়লার স্তুপের পাশে মানব কঙ্কাল দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর কঙ্কালটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অনেক আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।