সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৩০ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালীগ্রাম উড়ালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার সড়কের একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

ভাঙ্গা অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষসহ চারজনের মৃত্যু হয়। এ সময় এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়।

শিবচর মহাসড়ক থানার উপপরিদর্শক নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

এদিকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।